বাস দুর্ঘটনায় আহত তিন
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু-সহ তিনজন গুরুতর আহত। দুর্ঘটনাটি ঘটেছে ৩ রা সেপ্টেম্বর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে সার্ভিস রোডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে বাসটি হাওড়া থেকে যাত্রী নিয়ে দীঘার দিকে যাচ্ছিল। জেলেপাড়া ব্রিজের কাছে আসতেই আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে থাকা রেলিং ভেঙে সোজা সার্ভিস রোডে ঢুকে পড়ে।
সেই সময় সার্ভিস রোড দিয়ে একটি বাইক যাচ্ছিল। বাইকে ছিলেন এক শিশু-সহ তিনজন। বাসটি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনজনই।
ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক ও খালাসির খোঁজ শুরু হয়েছে।
Comments
Post a Comment